কোচ হওয়ার আবেদন করতে চান সৌরভও, সমস্যা শুধু এক জায়গাতেই

কোচ হওয়ার আবেদন করতে চান সৌরভও, সমস্যা শুধু এক জায়গাতেই



অনিল কুম্বলেকে কোচ করার সময়ে শাস্ত্রী ও সৌরভ অধ্যায় ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় হয়েছিল। 

ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রী আবেদন করেছেন। এই খবর পুরনো। শাস্ত্রীর আবেদনের পরেই সৌরভকে নিয়ে জল্পনা তুঙ্গে গোটা দেশে — ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় বিষয়টা কীভাবে দেখছেন।
অনিল কুম্বলেকে কোচ করার সময়ে শাস্ত্রী ও সৌরভ অধ্যায় ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় হয়েছিল। দু’ জনের সম্পর্কও সেই সময়ে তলানিতে এসে ঠেকেছিল। ভারতের দুই প্রাক্তন অধিনায়কের সম্পর্কের বরফ গলেছে কিনা এখনও জানা নেই। সেই সময়ে দুই যুযুধান ক্রিকেটারকে সামলানোর জন্য শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও।
কুম্বলে জমানা এখন অতীত ভারতীয় ক্রিকেটে। ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় সরে যেতে হয় ভারতের প্রাক্তন লেগস্পিনারকে। নতুন কোচের সন্ধান শুরু হয়েছে এখন। প্রথম দিকে বীরেন্দ্র সহবাগের নাম দৌড়ে থাকলেও পরিস্থিতির এখন পরিবর্তন হয়েছে।
শাস্ত্রী স্বয়ং কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করে আবেদন করেছেন। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে প্রশ্নের পর প্রশ্ন। সৌরভ কি মেনে নেবেন ব্যাপারটা? তাঁর প্রতিক্রিয়া কী? সৌরভ অবশ্য শাস্ত্রী প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘প্রত্যেকেরই আবেদন করার অধিকার রয়েছে। আমরা ব্যাপারটা দেখব। প্রশাসক না হলে আমিও আবেদন করতে পারতাম।’’
সৌরভ প্রশাসক বলেই কোহলিদের হেডস্যার হওয়ার জন্য আবেদন করতে পারছেন না। দেশের অধিকাংশ ক্রিকেটভক্ত চান সৌরভের হাতেই উঠুক কোহলিদের রিমোট কন্ট্রোল। প্রতিবন্ধকতা একটা জায়গাতেই। বাংলার মহারাজ এখন প্রশাসকের কুর্সিতে। তাই ইচ্ছা থাকলেও তিনি আবেদন করতে পারছেন না।  

নিন্দুকেরা অবশ্য দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। তাঁদের বক্তব্য, শাস্ত্রীই বসতে চলেছেন ভারতের হেড কোচের চেয়ারে। অপেক্ষা কেবল সরকারি সিলমোহরের। 

No comments

Thanks for you comment

Powered by Blogger.